রাজশাহীর সেই পুকুরে মিলল আরও ২ মর্টার শেল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলে পাশের বধ্যভূমি এলাকার সেই পুকুর থেকে আরও দুটি মর্টার শেল পাওয়া গেছে। তাছাড়া একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে পুলিশ এগুলো উদ্ধার করে বলে মতিহার থানার এসআই ইমরান হাসান জানান।
তিনি বলেন, দুপুরে এক তরুণ ওই পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে একটি মর্টার শেল দেখতে পান। ওই তরুণ সেটি উদ্ধার করে পাশের পুলিশ ফাঁড়ি নিয়ে যান। পরে পুলিশ ওই পুকুরে গিয়ে আরও একটি মর্টার শেল, একটি রকেট লঞ্চার ও একটি ল্যান্ড মাইন পায়। এগুলো মুক্তিযুদ্ধকালের বলে ধারণা করা হচ্ছে।
সক্রিয় আছে কিনা তা পরীক্ষা করতে বোমা বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।
গত ২৭ এপ্রিল একই জায়গা থেকে একটি মর্টার শেল পাওয়া যায়। পরদিন সেনাবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। বিকট শব্দে সেটি বিস্ফোরিত হয়।


No comments